ফাইনালে স্পেনের কাছে বিষাদময় পরাজয়ের পর আর্জেন্টাইন শিবিরের নীরবতা ভাঙল এক ফাঁস হওয়া ভিডিও ক্লিপ। মাঠে নামার ঠিক আগমুহূর্তে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক এক ভাষণ এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই মেসির মুখে বলা ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে শুরু হয় জোর জল্পনা-কল্পনা। নেটদুনিয়ায় অনেকে তো এই শব্দের আড়ালে কোনো ‘গোপন বার্তা’ কিংবা অজানা রহস্য খুঁজতেও শুরু করে দিয়েছিলেন!
তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পুরো ভিডিও ফুটেজ সামনে আসতেই খোলাসা হলো সব রহস্য। বোঝা গেল, কোনো গোপন ছক নয় বরং স্নায়ুচাপ পেছনে ফেলে সতীর্থদের স্রেফ স্বাভাবিক ফুটবলটা খেলারই পরামর্শ দিচ্ছিলেন খুদে জাদুকর।
মাঠে নামার আগের মুহূর্তে আর্জেন্টাইনদের আবেগ আর রণকৌশলের দৃশ্যপটে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, মাথা ঠান্ডা রাখো।
সবচেয়ে জরুরি বিষয় হলো—আমাদের শান্ত থাকতে হবে। বাইরের সবকিছু ভুলে শুধু খেলায় মন দাও, স্রেফ নিজের খেলাটা খেলো। চলো!’
শুধু মেসির ভাষণেও সীমাবদ্ধ ছিল না ড্রেসিংরুমের সেই দৃশ্যপট। ড্রেসিংরুম থেকে টানেল হয়ে মাঠে নামার পথে ধরা পড়ে টিম আর্জেন্টিনার কৌশলী আলাপচারিতাও।
স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালকে কীভাবে বাগে আনতে হবে এবং প্রতিপক্ষের আক্রমণ কীভাবে ভেস্তে দেওয়া যায়—গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে সেই ট্যাকটিক্স বোঝাচ্ছিলেন ক্রিস্টিয়ান ‘কুতি’ রোমেরো।
পাশেই লিসান্দ্রো ‘লিচা’ মার্টিনেজ দিবুকে সতর্ক করে দিচ্ছিলেন, প্রতিপক্ষ যেন বক্সের ভেতর ঢুকে শট নেওয়ার সুযোগ না পায়। এরপর নিকোলাস তালিয়াফিকোকে সোজা বার্তা দিয়ে লিচা বলেন, ‘পুরো ম্যাচজুড়ে ওকে একচুল ছাড় দেবে না, একদম আটকে রাখবে।’ এরপর গোলরক্ষককে মানসিকভাবে শক্ত থাকার তাগিদ দিয়ে প্রতিটি বল নিশ্চিতভাবে পকেটে পুরতে বলেন তিনি।
অভিজ্ঞ অধিনায়কের মতো মেসিও বসে থাকেননি।
ডিফেন্ডারদের কড়া বার্তা দিয়ে জানিয়ে দেন, প্রতিপক্ষ যখন আক্রমণে আসবে, তখন যেন লিয়েন্দ্রো পারেদেস আর এনজো ফার্নান্দেজ হুট করে সামনে উঠে না যান। পজিশন ধরে রাখাই যে মুখ্য, সেটাই মনে করিয়ে দেন এলএমটেন।
মাঠে নামার ঠিক আগের মুহূর্তে কুতি রোমেরো দিবুর পিঠ চাপড়ে বলে ওঠেন, ‘আজকের দিনটা শুধুই তোমার!’ সতীর্থের কথায় আত্মবিশ্বাসে গদগদ দিবু মার্টিনেজ গর্জে উঠে জবাব দেন, ‘হ্যাঁ, আজ আমার দিন! এই দিনটা ইতিহাসে লেখা থাকবে।’
যদিও ভাগ্যের নির্মম পরিহাসে সেই রাতটি ইতিহাসের পাতায় আর্জেন্টিনার জন্য সুখকর হয়নি। ম্যাচজুড়ে লড়াই তো দূর রক্ষণ করেই সময় কেটেছে আলবিসেলেস্তেদের।
তবে ড্রেসিংরুমের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যতই ঝড় উঠুক না কেন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি হাঁটছেন নিজের চেনা পথেই। এ নিয়ে প্রশ্ন করা হলে বরাবরের মতোই নির্ভার স্কালোনি সাফ জানিয়ে দেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। এসব নিয়ে আমার বিন্দুমাত্র ধারণাও নেই। আপনারা আসলে কী নিয়ে কথা বলছেন, সেটাও আমি জানি না।’
