বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়িতে একদল সন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এই অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বাংলাদেশ সংবাদ
বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। আমি হামলার সাথে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এহেন হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ছাড়াও নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ গোলাম রসুল ঘটনার ব্যাখ্যা দেয়ার পরও ‘মবকে’ উসকে দেয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তাই দুর্বৃত্তায়ন কিংবা ‘মব’ করে জামায়াতকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত।
জামায়াতের সেক্রটারি জেনারেল বলেন, ঘটনার সত্যতা তুলে ধরে সংবাদ প্রকাশ এবং নাগরিকদের বিভ্রান্ত না করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

