বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ফেসবুকে প্যারোডি লিখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে থাকা এই সাবেক পুলিশ কর্মকর্তা শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘এখন তো নাই আমি, কী বলবি রে বোকা।’
মনিরুল যে ফটোকার্ডটি শেয়ার করেছেন, তাতে বাংলাদেশে আল-কায়েদা ঘাঁটি গড়ার চেষ্টা করছে—এমন একটি খবরের শিরোনাম ছিল।
সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে আল-কায়েদা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়।
১০ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার সহযোগী সংগঠন আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) একটি বিভক্ত গোষ্ঠী থেকে ধীরে ধীরে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনটি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে।
জঙ্গিবাদ দমনে দীর্ঘদিন পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম। সিটিটিসির প্রধান ও অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময় দেশে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ওই সময়ে জঙ্গিবাদ দমনের বিষয়টিকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করার অভিযোগও উঠেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মনিরুল ইসলামের অবস্থান নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। বিভিন্ন সময়ে তিনি বিদেশে অবস্থান করছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
২০২৪ সালের ৬ অক্টোবর প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে দাবি করেন, ভারতের রাজধানী নয়াদিল্লির কানট প্লেসের একটি গ্রোসারি স্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সময় মনিরুল ইসলামকে দেখা গেছে। তবে ওই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন দমনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল মনিরুল ইসলামের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৩ আগস্ট মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এরপর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন বলে বিভিন্ন সময়ে আলোচনা থাকলেও তার বর্তমান অবস্থান সম্পর্কে সরকারি পর্যায়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের খবর শেয়ার করে মনিরুলের ‘এখন তো নাই আমি, কী বলবি রে বোকা’ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি ঠিক কাকে উদ্দেশ করে এই মন্তব্য করেছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

