ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের তীব্র সমালোচনা করেন।
দিল্লিতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন। সংসদ অভিমুখে মিছিল এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং আটক করার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য ও বিক্ষোভকারী—উভয় পক্ষেরই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিক্ষোভের আগের দিন দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। পরে তিনিও ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, সংবিধানের আওতায় থেকে শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানানো প্রত্যেক নাগরিকের অধিকার এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত।
পুলিশি পদক্ষেপের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। এ সময় নিজের পোস্টে অরিজিৎ সিং লেখেন, “এবার তোমরা ছাত্রদের পেটাচ্ছ? তোমাদের কি লজ্জা করে না? মাননীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ, এসব হচ্ছেটা কী! তোমরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছ? সবকিছু মনে রাখা হবে।” তার এই মন্তব্য অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়।
শুধু অরিজিৎ সিং নন, বিক্ষোভের পর আরও কয়েকজন শিল্পী ও অভিনয়শিল্পী প্রকাশ্যে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান। তাদের মধ্যে দিলজিৎ দোসাঞ্জ, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, হুমা কুরেশি, প্রকাশ রাজসহ আরও কয়েকজনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাব্যবস্থায় সংস্কার আনতে হবে। অন্যদিকে দিল্লি পুলিশ বলছে, সংসদমুখী মিছিলের অনুমতি ছিল না এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা পদক্ষেপ নিয়েছে।
