সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা মাউশির

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির জন্য দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল কাজ আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের তৈরি কাজ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি করে ই-মেইলে পাঠাতে হবে। লোগো পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরম্যাটে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আর মাসকট ও স্লোগানও নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা-সম্পর্কিত হতে হবে। অংশগ্রহণকারীদের পাঠানো প্রতিটি কাজের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।

লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির এ প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরই মধ্যে যারা লোগো, রিলস ও থিম সং পাঠিয়ে দিয়েছেন, তাদের পুনরায় একই কাজ পাঠানোর প্রয়োজন নেই।