চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে গ্লাসে ঢালা পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ দেখতে পান। এতে সন্দেহের সৃষ্টি হলে তারা ওই পানি পান থেকে বিরত থাকেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে পানির নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি খাসজমি উদ্ধার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের অভিযান চলছে। এসব অভিযানে ক্ষুব্ধ একটি চক্র অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে ওই এলাকায় র্যাব ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ ও স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। সর্বশেষ পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

