সাবেক পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ড. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ড. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান।
এনামুল হক ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাদের এক মেয়ে অদিতি তিতাস হক এবং দুই ছেলে আশিম শৈতাল হক ও অনীক আর. হক।
এম. এনামুল হক সাবেক আইজিপি পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ আইন কমিশন এনামুল হকের মৃত্যু

