কক্সবাজারের চকরিয়ায় ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাহারবিলের মাইজঘোনা এলাকায় বদরখালী-চিরিংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই নেতার নাম মিজানুর রহমান (২৫)। তিনি চিরিংগা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান মোটরসাইকেল চালিয়ে শাহপুরা নামক এলাকায় পৌঁছলে বদরখালীর দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা বাকি দুজনও আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে মিজানুর রহমান মারা যান। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি বলেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান ডাম্পট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি।
চকরিয়া থানার ওসি তদন্ত নুর আলম মাসুম ছিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
