অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত ও রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (৩ আগস্ট) গত ২১ জুলাইয়ের এক বিজ্ঞপ্তির বরাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএর ভাষ্য, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এগুলো চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
সংস্থাটি আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের কারণে জনদুর্ভোগ বাড়ছে। আইন অনুযায়ী এসব হর্ন ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
এ অবস্থায় জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন এবং তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
