পিকআপ ও জিপসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। দুষ্কৃতিকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্য পুলিশের পিকআপ, জিপ ও বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা করতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল শাখা এক বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। বিষয়টি অতি জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।
পুলিশের মাঠপর্যায়ের সব ইউনিটের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সতর্কবার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারী কর্তৃক পুলিশের ব্যবহৃত যানবাহন (জিপ/পিকআপ/বাস ইত্যাদি) আক্রান্ত হতে পারে মর্মে জানা যায়। এই অবস্থায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের দু’টি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো-
১) ডিউটিরত কোনো যানবাহন সাময়িক বিরতিতে রাখলে অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। Unattended (অবহেলায় বা সঙ্গিহীন) অবস্থায় রাখা যাবে না।
২) ডিউটি শেষে থানা বা অফিস কম্পাউন্ড, পুলিশ লাইন্সে Parked (পার্কিং করা) গাড়িগুলোর নিরাপত্তাও অনুরূপভাবে জোরদার করতে হবে।
