আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় সংসদের সদস্যদের বৈঠক আহ্বান করে একটি গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদের সদস্যদের বৈঠক আহ্বান করে গেজেটটি প্রকাশ করা হয়।
গেজেটে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এর প্রদত্ত ক্ষমতাবলে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আগের প্রজ্ঞাপনগুলোর ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনের আদেশক্রমে জারি করেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী— আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী উক্ত নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এদিকে আজ বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ-সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ-সংক্রান্ত সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়। এ ছাড়াও বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ প্রদান করা হয়।

