সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কার্যালয়ে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৫ জুলাই সংঘটিত একটি মারধরের ঘটনায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টার এবং ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে পরে আদালত আজাদ হোসেনের জামিন মঞ্জুর করেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে আজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

