ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল। কিন্তু বিশ্বকাপের রেশ এখনো আছে। এখনো চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। আর্জেন্টিনার পরাজয়, স্পেনের বিশ্বকাপ জয়, ইংল্যান্ড ও ফ্রান্সের সেরা চারে আটকে যাওয়া কিংবা ব্রাজিলের ভালো করতে না পারা সেসব নিয়ে আলোচনা চরমে।
এছাড়া ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কর্মকাণ্ড নিয়ে রীতিমত ফুটবল বিশ্বে তোলপাড়। ক্ষিপ্ত উয়েফা। ফিফাকে ছড়িয়ে দেয়ার নামে বাণিজ্যকরণের যে সিদ্ধান্ত নিয়েছেন ইনফান্তিনো তার প্রবল সমালোচনা হচ্ছে। তার গ্রহণযোগ্যতা ও বিশ্বাস যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন।
এর মধ্যেই নতুন করে আরেক ঝামেলায় পড়েছে ফিফা। ফিফার একটি গোপন নথি ফাঁস হয়েছে। যেখানে ২০৩০ বিশ্বকাপেই ৬৪ দলের অংশগ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ের কথা লিখা আছে। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের সফল আয়োজনের পর এবার আরও বড় পরিকল্পনার পথে হাঁটছে ফিফা। ফিফা বস, নিজেও বলেছেন, ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করার ইচ্ছা আছে। তবে কবে সেই আয়োজন তা উল্লেখ করেননি তিনি।

সংস্থার একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, ২০৩০ সাল থেকেই বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে সমীক্ষা শুরু করেছে ফিফা। ইংলিশ সাংবাদিক মার্টিন জিগলার ৩০ জুলাই ২০২৬ তারিখে ওই নথিটি প্রকাশ করেন। “Potential Expansion of the FIFA World Cup to 64 Teams” শিরোনামের নথিতে বলা হয়েছে, সম্ভাব্য সম্প্রসারণের প্রভাব বিশ্লেষণের জন্য একটি স্বাধীন সংস্থা নিয়োগ দিতে চায় ফিফা।
নথিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান ৪৮ দলের কাঠামো থেকে ৬৪ দলে উন্নীত করা হলে তা বিশ্বকাপের উদ্দেশ্য, প্রতিযোগিতার ধরন এবং বৈশ্বিক ফুটবল ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে।
ফিফার ভাষ্য অনুযায়ী, ‘বর্তমান ফরম্যাটের বাইরে বিশ্বকাপ সম্প্রসারণের কৌশলগত প্রভাব বিবেচনা করছে ফিফা। তাই ২০৩০ আসর থেকেই ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করা হলে টুর্নামেন্টের লক্ষ্য ও ফুটবল ইকোসিস্টেমে কী প্রভাব পড়বে, তা নির্ধারণে একটি স্বাধীন সংস্থা নিয়োগের পরিকল্পনা রয়েছে।’
১৪ আগস্টের মধ্যে কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। এরপর তাদের হাতে থাকবে চার সপ্তাহ, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিশ্লেষণ সম্পন্ন করার সময়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে এটি হবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের দলসংখ্যা বৃদ্ধি।
১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছে ৩২টি দল। ২০২৬ আসর থেকে তা বেড়ে ৪৮ দলে উন্নীত হচ্ছে, আর নতুন পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালেই সংখ্যা ৬৪-তে পৌঁছাতে পারে।
