নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের তিন মাস একদিন পর কেন্দ্র থেকে এ আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত ৩০ এপ্রিল কলেজ শাখা ছাত্রদলের এই তিন নেতাকে বহিষ্কার ও সভাপতির পদ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে সভাপতির পদ পুনর্বহাল করলেও এ তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। তখন তিনজনকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সবশেষ ৯১ দিন পর শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল থেকে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আখতারুজ্জামান বিশাল ও সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনায় তাদের আর কোনো বাধা থাকল না। এখন থেকে দলীয় সব কার্যক্রমে স্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করতে পারবে।
